ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আরাবি ঝিনাইদহ পৌর শহরের মডার্ন মোড় এলাকার বাসিন্দা শামীম আহমেদের ছেলে এবং ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর বাড়ি ফেরেনি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলা পরিষদের পুকুরের পাশে আরাবির পরিহিত প্যান্ট দেখতে পান তার মা। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, পারিবারিকভাবে তার দাফন সম্পন্ন করা হবে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত বিশ্বাস বলেন, খবর পাওয়ার পর দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আরাবির মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব চক্রবর্তী জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।
ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, মরদেহ রোববার দুপুর পর্যন্ত সদর হাসপাতালের মর্গে রাখা হবে। তিনি জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজসহ সব বিষয় যাচাই-বাছাই শেষে প্রাথমিক তদন্ত সম্পন্ন হলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।



















