Saturday , 19 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 19, 2026 7:58 am

প্রথম দিন থেকেই বিরোধীদল সরকারকে অসহযোগিতা করছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, এই সুযোগ কাজে লাগিয়ে কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকায় জিল্লুর রহিম কলেজ প্রাঙ্গণে আয়োজিত বিশেষায়িত ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষু শিবির ও ওষুধ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও লাইন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ এ-৩ এ কর্মসূচির আয়োজন করে।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘আমরা যেদিন শপথ নিয়েছি, সেদিন বিরোধীদল উপস্থিত হয়নি। প্রথম দিন থেকে এখন পর্যন্ত বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে সব রকমের অসহযোগিতা করে যাচ্ছে। এই অসহযোগিতার কারণে কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়। যদি বিরোধী দল এই সুযোগটা না দিত, লংমার্চ যদি না করত, তাহলে এই সুযোগটা পেতো না।’

তিনি বলেন, বিরোধীদল সংসদে ভালো কথা বললেও বাইরে গিয়ে ভিন্ন আচরণ করছে। গত ১৭ বছর যারা অত্যাচার-নির্যাতন করেছে, তারা দুই-এক জায়গায় ঝটিকা মিছিল করে আবার পালিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

বিরোধীদলের লংমার্চ প্রসঙ্গে পানিসম্পদ মন্ত্রী বলেন, যারা এখন বিরোধীদলে আছে, তারা ঢাকা থেকে রংপুর যাচ্ছে এবং এর আগে ঢাকা থেকে চট্টগ্রামেও গেছে। তারা গ্যাস, তেল ও বিদ্যুতের জন্য আন্দোলন করছে। তিনি বলেন, ‘যে বাংলাদেশে গ্যাস নাই, তেল নাই, তারেক জিয়াকে এখনই গ্যাস দিতে হবে, এখনই সব বিদ্যুৎ দিতে হবে। আমরা তো একটা ধ্বংসস্তুপের ওপর দায়িত্বে এসেছি। আমরা এসেই কি ৬ মাসের মধ্যে গ্যাস-বিদ্যুৎ সব দিয়ে দিতে পারব?’

তিনি আরও বলেন, বিরোধীদলের লংমার্চ ও রোডমার্চের কারণে তেলের খরচ হচ্ছে, রাস্তায় মানুষের ভোগান্তি বাড়ছে এবং যানজট সৃষ্টি হচ্ছে। এতে অসুস্থ রোগীদেরও কষ্ট পোহাতে হচ্ছে। সরকারকে সহযোগিতার কথা বলে এ ধরনের কর্মসূচি পালন করাকে সহযোগিতা বলা যায় কি না, সেই প্রশ্ন তোলেন তিনি।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘বিএনপিকে একটা চাপে রেখে তারা (বিরোধী দল) ভবিষ্যতে ক্ষমতায় আসতে চায়। এভাবে কি ভবিষ্যতে ক্ষমতায় আসা যায় নাকি?’ তিনি অভিযোগ করেন, ভোটের এক সপ্তাহ আগে বেহেশতের কথা বলে এবং টাকা দিয়ে কিছু ভোট নেওয়ার চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, ভবিষ্যতে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে। কোনো সুযোগ নিয়ে বাংলাদেশ ও জনগণের ক্ষতি করা হলে বিএনপি এবং তারেক রহমানের সরকার তা মেনে নেবে না। জনগণের জন্য দীর্ঘদিনের লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে তারা এখানে এসেছেন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ৫ আগস্টের ঘটনা হঠাৎ করে আসেনি। এর জন্য ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে। ছাত্র-যুবক ও তরুণ-তরুণীরা মাঠে থেকে আন্দোলন করে এই পরিস্থিতি তৈরি করেছে, যার পরিপ্রেক্ষিতে ১২ ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে এবং তারা দেশের দায়িত্ব পেয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা ও চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেনসহ অনেকে।

সর্বশেষ - লাইফস্টাইল