ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পালুহাটি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় এক আওয়ামী লীগ নেতার দোকান থেকে ৩ টনের বেশি সার জব্দ করা হয়েছে। একই অভিযানে অবৈধভাবে সার মজুতের দায়ে আরেক ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের পালুহাটি বাজারে রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম সুজনের দোকান থেকে ৩ টন ২৫ কেজি টিএসপি এবং ২৫ কেজি ইউরিয়া সার জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আমিন পাপ্পা।
অভিযুক্ত রফিকুল ইসলাম সুজন উপজেলার অচিন্তপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি পালুহাটি বাজারে ‘সুজন এন্টারপ্রাইজ’ নামে কীটনাশক ও সার বিক্রির দোকান পরিচালনা করতেন। প্রশাসন জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন সংবাদের ভিত্তিতে দোকানে অবৈধ সার মজুতের তথ্য পায় উপজেলা প্রশাসন। সকালে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে সুজন দোকান বন্ধ করে পালিয়ে যান। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে সার জব্দ করা হয়।
একই অভিযানে পালুহাটি গ্রামের মৃত রুকন উদ্দিনের ছেলে আতাউর রহমানের দোকানেও অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে প্রায় ২ টন সার মজুত রাখার দায়ে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত এই অর্থদণ্ড প্রদান করে।
গৌরীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ বলেন, জব্দ করা সার নকল কি না, তা নিয়ে সংশয় রয়েছে। বিষয়টি নিশ্চিত হতে সারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমিন পাপ্পা বলেন, অসাধু উপায়ে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



















