রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৩২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ নিয়ে গত দুই দিনে মোট ৭২ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে সংস্থাটি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, রোববার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, রাজধানীর গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এর আগে গত শুক্রবার রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী মিছিল করার চেষ্টা করেন। এ সময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে মিছিলটি ছত্রভঙ্গ করতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকশ মানুষকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়। ডিএমপির তথ্য অনুযায়ী, ১২ সেপ্টেম্বর ৪০ জন এবং ১৩ সেপ্টেম্বর আরও ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফলে দুই দিনে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ জন।



















