বরিশালের আগৈলঝাড়ায় কচ্ছপ ও শাপলা পাতা মাছ বিক্রির অভিযোগে ফিলিপ অধিকারী নামে এক ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে তার কাছ থেকে ২৮টি কচ্ছপ ও একটি শাপলা পাতা মাছ উদ্ধার করা হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাকাল ইউনিয়নের আন্ধারমানিক গ্রামে অভিযান চালিয়ে এ সাজা দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ফিলিপ অধিকারী উপজেলার কদমবাড়ি গ্রামের মৃত যতিন অধিকারীর ছেলে।
উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশকে সঙ্গে নিয়ে আন্ধারমানিক গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফিলিপ অধিকারীর কাছ থেকে বিভিন্ন প্রজাতির ২৮টি কচ্ছপ ও একটি শাপলা পাতা মাছ উদ্ধার করা হয়।
পরে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। অভিযানের সময় আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার বলেন, উদ্ধার করা কচ্ছপগুলো সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে পাশের সন্ধ্যা নদীতে অবমুক্ত করা হয়েছে। তিনি জানান, বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



















