সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার ইফতেখার অনিক (৩৩)-এর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলামের আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, এদিন আসামি ইফতেখার অনিককে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মো. নাফিউল ইসলাম সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানির সময় আসামির পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
মামলার অভিযোগে বলা হয়, ইফতেখার অনিক দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া এলাকার বাসিন্দা। তিনি ‘ইফতেখার অনিক’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন সময়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন পোস্ট ও মন্তব্য করে আসছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত ২৭ আগস্ট বিষয়টি বাদী আরিফুজ্জামানের নজরে এলে তিনি স্থানীয় লোকজনকে বিষয়টি জানান। পরে কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযুক্তের বাড়িতে গিয়ে এ বিষয়ে জানতে চাইলে ইফতেখার তাদের সামনে ধর্মীয় বইপুস্তক ছিঁড়ে ফেলেন এবং সেখান থেকে পালিয়ে যান।
এ ঘটনায় আরিফুজ্জামান বাদী হয়ে গত ২৮ আগস্ট দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাইবার নিরাপত্তা আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা করেন। পরদিন রাতে কক্সবাজারের কলাতলী এলাকা থেকে স্থানীয় পুলিশের সহায়তায় ইফতেখারকে গ্রেপ্তার করা হয়।
তদন্ত কর্মকর্তা আদালতে দেওয়া রিমান্ড আবেদনে উল্লেখ করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইফতেখার ঘটনার দায় স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিজ বাড়ি থেকে একটি স্মার্টফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত, ঘটনার মূল রহস্য উদ্ঘাটন এবং এর সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে কি না, তা জানতে রিমান্ড আবেদন করা হয়েছিল। পরে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।



















