Saturday , 12 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

মরদেহের পাশে ৫টি সুইসাইড নোট, তদন্তে পুলিশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 12, 2026 6:33 am

দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের সময় পুলিশ ৫টি সুইসাইড নোট উদ্ধার করেছে। এসব নোটে স্ত্রী-মেয়ে, ছোট ভাই, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সহকর্মী ও প্রশাসনের উদ্দেশ্যে পৃথক বার্তা লিখে গেছেন তিনি।

শুক্রবার সন্ধ্যায় নগরীর প্যারারা রোডে অবস্থিত সমকাল বরিশাল ব্যুরো অফিস থেকে পুলক চ্যাটার্জীর মরদেহ উদ্ধার করা হয়। পরে রাত ৯টার দিকে পুলিশ মরদেহটি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

প্রশাসনের উদ্দেশ্যে লেখা নোটে পুলক চ্যাটার্জী উল্লেখ করেন, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা সহ্য করতে না পারায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। সুস্থ হওয়ার জন্য তিনি অনেক চেষ্টা করেছেন এবং ভারতের ভেলোরে চিকিৎসকদের দেখিয়েছেন বলেও নোটে উল্লেখ করেন। অসুস্থতার কারণে সামাজিকভাবে পিছিয়ে পড়ার বিষয়টিও তিনি তুলে ধরেন। পাশাপাশি কোনো ধরনের হয়রানি ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের অনুরোধ জানান।

স্ত্রী প্রিয়াংকা ও মেয়ে প্রকৃতির উদ্দেশ্যে লেখা নোটে পুলক চ্যাটার্জী ক্ষমা চেয়ে বলেন, পৃথিবীতে কারও জন্য কিছু থেমে থাকে না। মেয়ে প্রকৃতিকে পড়াশোনা ও গান শেখা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। স্ত্রী প্রিয়াংকার উদ্দেশ্যে তিনি লেখেন, তার অনুপস্থিতি পূরণ হওয়ার নয়, তবে জীবন থেমে থাকে না। একই সঙ্গে দীপক ভাইয়ের সঙ্গে থাকার কথাও উল্লেখ করেন।

বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনের উদ্দেশ্যে লেখা নোটে পুলক চ্যাটার্জী বিদায় জানান এবং তার সঙ্গে থাকা বিভিন্ন স্মৃতির কথা উল্লেখ করেন। মরদেহ যেন কোনো হয়রানি ছাড়া পরিবারের কাছে দেওয়া হয়, সে বিষয়ে সহযোগিতা করার অনুরোধ করেন তিনি।

ছোট ভাই দীপক ও তার স্ত্রী ইতির উদ্দেশ্যে লেখা নোটে প্রিয়াংকা ও প্রকৃতিকে আগলে রাখার অনুরোধ করেন পুলক। পাশাপাশি মুক্তিযুদ্ধের ভাতা ও ব্যাংক হিসাব সংক্রান্ত বিষয়ে দেবাশীষের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করেন।

দীর্ঘদিনের সহকর্মী দৈনিক সমকালের বরিশাল ব্যুরোর দায়িত্বরত সুমন চৌধুরীর উদ্দেশ্যে লেখা নোটে পুলক চ্যাটার্জী তাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য দুঃখ প্রকাশ করেন। প্রায় দেড় যুগ একসঙ্গে কাজ করার কথা উল্লেখ করে কোনো কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চান এবং সমকালে তার পাওনা টাকা আদায়ের বিষয়ে সহযোগিতা করার অনুরোধ জানান।

বরিশাল মহানগর পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেন, সুইসাইড নোট পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

পুলক চ্যাটার্জী দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৩ সালের মে মাসে তিনি চাকরিচ্যুত হন। এরপর থেকে তিনি হতাশায় ভুগছিলেন বলে জানা গেছে। মাঝে মধ্যে তিনি সমকাল অফিসে এসে বসতেন। তিনি বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য ছিলেন।

সর্বশেষ - আইন-আদালত