বরগুনার তালতলীতে আন্দারমানিক নদীর তীরে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি ভেসে এসেছে। ঘটনাস্থলে বন বিভাগ, প্রশাসন ও কোস্টগার্ডের সদস্যরা গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কাজ শুরু করেছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে তালতলীর আন্দারমানিক নদীর তীরে স্থানীয়রা বিশাল আকৃতির একটি মৃত তিমি দেখতে পান। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় জোয়ারের স্রোতে বঙ্গোপসাগর থেকে ভেসে এসে তিমিটি নদীর তীরে আটকে পড়ে। খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ তিমিটি দেখতে সেখানে ভিড় করেন।
খবর পেয়ে বন বিভাগ, স্থানীয় প্রশাসন ও কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কার্যক্রম শুরু করেন। তবে তিমিটির প্রজাতি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়া উদ্দিন বলেন, ‘সাগর ও নদীর পানির বর্তমান পরিবেশ নিয়ে গবেষণা করা প্রয়োজন। পানির যে কোনো স্তরে সমস্যার কারণে তিমিটির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে বৈজ্ঞানিক গবেষণা প্রয়োজন।’ তিনি আরও বলেন, বরগুনা জেলায় এ ধরনের গবেষণার কোনো কেন্দ্র নেই এবং পরিবেশগত বিভিন্ন সমস্যার কারণেও সামুদ্রিক প্রাণীর মৃত্যু হতে পারে।
তালতলী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা জিয়াউর রহমান জানান, তিমিটি পচে যাওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছে। পরিবেশ দূষণ এড়াতে এটিকে মাটিচাপা দেওয়া প্রয়োজন হলেও তীব্র দুর্গন্ধের কারণে শ্রমিকরা এখনো তিমিটির কাছে যেতে পারছেন না।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ সরকার বলেন, ‘খবর পেয়ে বন বিভাগের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গেছে। কোস্টগার্ডের সদস্যরাও সেখানে রয়েছেন। মৃত তিমিটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।’ তিনি আরও জানান, কালো রঙের বিশাল আকৃতির তিমিটি কোন প্রজাতির, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।



















