ঘুম মানুষের শরীর ও মনকে প্রশান্তি দেয় এবং ক্লান্তি দূর করে। ইসলামের দৃষ্টিতে সঠিক পদ্ধতিতে ঘুমানোও ইবাদতে পরিণত হতে পারে। ঘুমানোর আগে রাসুল (সা.)-এর শেখানো কিছু আমল রয়েছে, যা মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ।
আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ‘তোমাদের নিদ্রাকে করেছি— ক্লান্তি দূরকারী।’ (সুরা নাবা, আয়াত : ০৯) মুসলিমদের প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এবং রাসুল (সা.)-এর সুন্নত অনুযায়ী হলে তা ইবাদতের মর্যাদা লাভ করে।
ঘুমানোর আগে কয়েকটি গুরুত্বপূর্ণ আমল হলো—
১. তিন কুল পড়ে ফুঁ দেওয়া
দুই হাতের তালু একত্র করে সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস পড়ে তাতে ফুঁ দিতে হবে। এরপর দুই হাত দিয়ে শরীরের যতটুকু সম্ভব মাসেহ করতে হবে। মাথা, মুখমণ্ডল ও শরীরের সামনের অংশ থেকে মাসেহ শুরু করতে হবে এবং এভাবে তিনবার করতে হবে। (বুখারি, হাদিস : ৫০১৭)
২. আয়াতুল কুরসি পাঠ করা
রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি শোয়ার সময় আয়াতুল কুরসি পড়বে, শয়তান সারারাত তার কাছে আসবে না।’ (বুখারি, হাদিস : ২৩১১)
৩. সুরা বাকারার শেষ দুই আয়াত পড়া
রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি রাতে সুরা বাকারার শেষ দুই আয়াত (আ-মানার রাসুলু বিমা–) তেলাওয়াত করবে, এটা তার জন্য যথেষ্ট হবে।’ (বুখারি, হাদিস : ৪০০৮)
৪. সুরা কাফিরুন পাঠ করা
প্রিয় নবী হযরত মুহম্মদ (সা.) বলেছেন, রাতে সুরা কাফিরুন পাঠ করা শিরক থেকে মুক্তি পাওয়ার জন্য উপকারী। (সহিহ তারগিব, হাদিস : ৬০২)
৫. সুরা ইখলাস পাঠ করা
একবার আল্লাহর রাসুল (সা.) সাহাবাদের জিজ্ঞেস করেন, ‘তোমাদের কেউ কি এক রাতে এক-তৃতীয়াংশ কোরআন পড়তে অসমর্থ হবে?’ সাহাবারা বিষয়টি কঠিন মনে করলে তিনি বলেন, ‘সুরা ইখলাস হলো এক-তৃতীয়াংশ কোরআন।’ (বুখারি, হাদিস : ৫০১৫)
৬. ডান হাত গালের নিচে রেখে দোয়া পড়া
আল্লাহর রাসুল (সা.) ঘুমানোর সময় তার ডান হাত গালের নিচে রাখতেন এবং এই দোয়া পড়তেন—
اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا
উচ্চারণ: আল্লাহুম্মা বিসমিকা আমু-তু ওয়া আহ্ইয়া।
অর্থ: হে আল্লাহ! আপনার নাম নিয়েই আমি মৃত্যুবরণ করি (ঘুমাই) এবং আপনার নাম নিয়েই জীবিত (জাগ্রত) হব। (বুখারি, হাদিস : ৬৩২৪)
৭. তাসবিহের আমল করা
রাসুল (সা.) তার মেয়ে ফতেমা (রা.) ও জামাতা হযরত আলী (রা.)-কে বলেন, বিছানায় যাওয়ার সময় ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার পাঠ করা খাদেমের চেয়েও উত্তম। (বুখারি, হাদিস : ৩৭০৫)
৮. সুরা মুলক পাঠ করা
আল্লাহর নবী (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি প্রত্যেক রাতে তাবারকাল্লাযী বিইয়াদিহিল মুলক (সুরা মুলক) পাঠ করবে—এর মাধ্যমে মহিয়ান আল্লাহ তাকে কবরের আজাব থেকে রক্ষা করবেন।’ (তিরমিজি, হাদিস : ২৮৯০)
আল্লাহ তাআলা আমাদের এসব আমল করার তাওফিক দান করুন এবং উত্তম সওয়াব ও প্রতিদান প্রদান করুন। আমিন।



















