Wednesday , 9 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

বাংলা বর্ণমালার নকশায় বাংলাদেশের ফুটবল দলের নতুন জার্সি উন্মোচন

মাতৃভাষা বাংলা ও বর্ণমালাকে মূল ভাবনায় রেখে তৈরি করা হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন হোম ও অ্যাওয়ে জার্সি। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ভবনের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নতুন এই কিট উন্মোচন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। জাতীয় দলের নতুন জার্সি তৈরি করেছে দেশীয় ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী ব্র্যান্ড ‘দৌড়’, যারা বাফুফের কিট পার্টনার হিসেবে কাজ করছে।

নতুন হোম জার্সিটি তৈরি করা হয়েছে সাদা রঙের জমিনে। এতে কলার ও দুই পাশে রয়েছে লাল রঙের নকশা। জার্সির কাপড়ে ওয়াটারমার্কের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে বাংলা বর্ণমালার অবয়ব। বুকের অংশে রয়েছে বাফুফের লোগো এবং লাল রঙে জার্সি নম্বর। এই জার্সির সঙ্গে খেলোয়াড়রা পরবেন লাল শর্টস ও সাদা মোজা।

অ্যাওয়ে জার্সিতে ব্যবহার করা হয়েছে লাল ও সবুজের সমন্বয়। সবুজ রঙের এই জার্সির কাঁধে রয়েছে লাল স্ট্রাইপ। সামনের অংশে এমবসড টেক্সচারের মাধ্যমে যুক্ত করা হয়েছে বাংলা বর্ণ ও হরফ। এই কিটে জার্সির নম্বর ও প্রস্তুতকারক প্রতিষ্ঠানের লোগো রাখা হয়েছে সাদা রঙে। অ্যাওয়ে জার্সির সঙ্গে থাকবে সবুজ শর্টস ও সবুজ মোজা।

জার্সি উন্মোচন অনুষ্ঠানে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আমরা যখন খেলতাম তখন বাজার থেকে জার্সি কিনে এনে দিতেন কর্মকর্তারা। এত ব্র্যান্ডিং ও আনুষ্ঠানিকতা করে কখনো জার্সি পরা হয়নি। এ রকম ব্যবস্থার জন্য বাফুফে সভাপতিকে ধন্যবাদ।’

নতুন জার্সির দাম নির্ধারণ করা হয়েছে ১৬০০ টাকা। দাম বেশি হওয়ার কারণ ব্যাখ্যা করে ‘দৌড়’-এর স্বত্বাধিকারী আবিদ আলম চৌধুরী বলেন, ‘ফেব্রিকের কারণে দামটা একটু বেশি। তবে সামনে আমরা ফ্যান এডিশন করছি যেটা ৭০০-৮০০ টাকার মধ্যে হতে পারে। বাফুফের অনুমোদন পেলে এটা বাজারে ছাড়া হবে।’

তিনি জানান, ‘দৌড়’-এর আনুষ্ঠানিক কোনো শোরুম নেই। তবে এবার ইনফিনিটিতে বাংলাদেশের জার্সি পাওয়া যাবে। এ বিষয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘অনলাইনে জার্সি বিক্রি হচ্ছে। আমরা চাই অফলাইনে দৌড়ের শো রুম থেকেও যেন সমর্থকরা জার্সি সংগ্রহ করতে পারে।’

বাফুফের সঙ্গে ‘দৌড়’-এর চুক্তি দুই বছরের। প্রতিষ্ঠানটির কর্মকর্তা আবিদ বলেন, ‘গত এক বছর আমরা বিশ হাজারের মতো জার্সি বিক্রি করেছি। প্রতি মাসে বাফুফের রয়্যালিটি বুঝিয়ে দিয়েছি। বাফুফের সঙ্গে যখন চুক্তি হয়, তখন অনেক খেলা বা টুর্নামেন্ট সূচিতে ছিল না। অতিরিক্ত খেলার জন্য আমরা চুক্তির বাইরেও বাফুফেকে কয়েক হাজার জার্সি অতিরিক্ত সরবরাহ করেছি। পাশাপাশি বাজারে লোগো ব্যবহার করে বিক্রি হওয়ায় বাস্তবিক অর্থে আমরা সেভাবে লাভ করতে পারিনি।’

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত