সিলেটের শাহজালাল উপশহর এলাকায় এক কিশোরীকে কোমরে শিকল বেঁধে টেনে নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, খবর পেয়ে কিশোরীকে উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে সিলেটের উপশহর ডি-ব্লক মসজিদ মার্কেট এলাকার রাস্তায় ওই কিশোরীকে শিকল দিয়ে বেঁধে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, কোমরে শিকল বাঁধা অবস্থায় এক যুবক তাকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন এবং এ সময় কিশোরীকে কান্না করতে দেখা যায়।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, ওই দিন সন্ধ্যা ৭টার দিকে এলাকার একটি দোকানের ক্যাশবাক্স থেকে চুরির চেষ্টা করার অভিযোগে কিশোরীকে আটক করেন ব্যবসায়ী ও স্থানীয়রা। পরে তাকে মারধর করে কোমরে শিকল বেঁধে রাস্তায় হাঁটানো হয়। তবে তাকে কারা মারধর করেছে বা শিকল দিয়ে টেনে নিয়ে গেছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
সুপ্রিম কোর্টের এক আইনজীবী জানান, ফৌজদারি কার্যবিধির ৫৯ ধারা অনুযায়ী কোনো সাধারণ নাগরিক আমলযোগ্য অপরাধে জড়িত ব্যক্তিকে আটক করতে পারেন। তবে আটকের পর তাকে দ্রুত পুলিশ বা নিকটস্থ থানায় হস্তান্তর করতে হবে। কোনো নাগরিকের আটক ব্যক্তিকে শাস্তি দেওয়ার অধিকার নেই। শিকল বেঁধে জনসমক্ষে হাঁটানো কিংবা শারীরিক ও মানসিক নির্যাতন আইনত দণ্ডনীয় অপরাধ।
শাহপরান থানার ওসি মো. মনির হোসেন মঙ্গলবার রাতে জানান, রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরীকে হেফাজতে নেয় এবং থানায় নিয়ে আসে। তার বয়স আনুমানিক ১৫-১৬ বছর।
ওসি আরও জানান, একটি দোকানের ক্যাশবাক্স থেকে অর্থ চুরির অভিযোগের কথা স্থানীয়রা জানালেও এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। কিশোরীকে থানায় আনার পর স্থানীয়দের কাছ থেকেও প্রয়োজনীয় সহায়তা পাওয়া যায়নি। পরে তাকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।
কিশোরীকে শিকল বেঁধে রাস্তায় ঘোরানোর বিষয়ে জানতে চাইলে ওসি মো. মনির হোসেন বলেন, ‘এ বিষয়টি আমার জানা নেই। কেউ এমন কাজ করে থাকলে তারা অন্যায় করেছে।’



















