মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকায় নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন আমেনা বেগম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।
এক শোকবার্তায় সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমেনা বেগম ছিলেন একজন স্নেহশীল ও মমতাময়ী মা। তার মৃত্যু পরিবার ও স্বজনদের জন্য অপূরণীয় ক্ষতি। একজন মায়ের চলে যাওয়া পরিবারের জন্য গভীর বেদনার।
তিনি মরহুমার স্নেহ, মমতা ও স্মৃতি স্বজনদের মাঝে চিরদিন বেঁচে থাকবে উল্লেখ করে মহান আল্লাহর কাছে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে, মন্ত্রীর মায়ের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেনসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।



















