আইনের বিভিন্ন সীমাবদ্ধতার কারণে মাদক কারবারি ও ছিনতাইকারীদের দীর্ঘদিন কারাগারে রাখা সম্ভব হয় না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, আইনি প্রক্রিয়ায় মুক্তি পেয়ে অনেকেই আবার একই ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে আয়োজিত ‘আমার শহর, আমার দেশ—পরিচ্ছন্নতায় বদলে যায় বাংলাদেশ’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, মাদকবিরোধী অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে এবং বহু মাদক কারবারি ও ছিনতাইকারীকে আইনের আওতায় আনা হয়েছে। তবে আইনের বিভিন্ন ফাঁকফোকরের কারণে তাদের দীর্ঘ সময় আটক রাখা সম্ভব হয় না। ফলে জামিন বা আইনি প্রক্রিয়ায় মুক্ত হয়ে তারা আবারও অপরাধে জড়িয়ে পড়ে।
মাদক ও ছিনতাই প্রতিরোধে শুধু পুলিশের ওপর নির্ভর না করে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আলী হোসেন ফকির বলেন, দেশের জনসংখ্যার তুলনায় পুলিশের সদস্যসংখ্যা সীমিত। প্রায় এক হাজার মানুষের নিরাপত্তার দায়িত্ব একজন পুলিশ সদস্যের ওপর থাকায় আইনশৃঙ্খলা রক্ষায় সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, মাদক নতুন প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ইয়াবাসহ বিভিন্ন মাদক আকর্ষণীয় নামে তরুণদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। তাই সন্তানদের সচেতন করার পাশাপাশি অভিভাবকদেরও সতর্ক থাকতে হবে। তিনি বলেন, একজন সন্তান মাদকে আসক্ত হলে শুধু তার জীবন নয়, পুরো পরিবার ক্ষতিগ্রস্ত হয়। দায়িত্ব পালনকালে এমন ঘটনাও তিনি দেখেছেন, যেখানে মাদকের অর্থ না পেয়ে সন্তান নিজের বাবাকে মারধর করেছে।
অনুষ্ঠানে পুলিশের কার্যক্রম আরও জনবান্ধব করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন আইজিপি। তিনি বলেন, জনগণের সহযোগিতা ছাড়া কার্যকরভাবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সম্ভব নয়। একই সঙ্গে পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। শিশুদের ছোটবেলা থেকেই সড়ক ব্যবহারের নিয়ম শেখাতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ বলেন, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচির মাধ্যমে রাজধানীবাসীর মধ্যে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে, যা পর্যায়ক্রমে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সম্প্রসারণ করা হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, পরিচ্ছন্নতার পাশাপাশি সবুজায়নের মাধ্যমে ঢাকাকে আরও বাসযোগ্য করে তুলতে হবে। তিনি নাগরিকদের অন্তত একটি করে গাছ লাগানো এবং নগর পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে একটি নিমগাছ রোপণ করেন আইজিপি মো. আলী হোসেন ফকির ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম। এ সময় কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



















