ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়িচাপায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তিন বন্ধু নিহত হয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের চয়ন মোল্লা, নয়ন ও সিয়াম।
এ তথ্য নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. সোহেল খান।
তিনি জানান, ভাঙ্গা গোলচত্বর থেকে নগরকান্দার দিকে মোটরসাইকেলে যাচ্ছিলেন তিন বন্ধু। পথে নওপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত যানবাহন চাপা দিলে রাস্তায় ছিটকে পড়েন তিন যুবক। তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক চয়ন মোল্লাকে মৃত ঘোষণা করেন। অপর দুই যুবককে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেয়ার পথে রোববার (৩০ আগস্ট) ভোরে ওই দুজনেরও মৃত্যু হয়।



















