রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সাক্ষাতে বিচার বিভাগের বিভিন্ন কার্যক্রম, বিদ্যমান সংকট এবং মামলা জট নিরসনের উপায় নিয়ে আলোচনা হয়।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এ সময় তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানান।
সাক্ষাৎকালে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বিভিন্ন কার্যক্রম, আদালত পরিচালনার বিষয়াদি এবং বিচার বিভাগের বিদ্যমান চ্যালেঞ্জ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। পাশাপাশি অতিরিক্ত মামলা জট, দক্ষ জনবলের ঘাটতি এবং কাঠামোগত সংকটসহ বিচারাঙ্গনের নানা সমস্যা তুলে ধরে এ বিষয়ে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, প্রতিদিন যে সংখ্যক মামলা নিষ্পত্তি হচ্ছে, তার চেয়ে বেশি মামলা আদালতে দায়ের হচ্ছে। ফলে মামলা জট নিরসন ক্রমেই কঠিন হয়ে পড়ছে।
এ বিষয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মামলা জট কমাতে সালিশি নিষ্পত্তি ও গ্রাম আদালত ব্যবস্থাকে আরও কার্যকর ও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিচার বিভাগের অন্যান্য সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিব, সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।



















