বগুড়ার নন্দীগ্রামে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদলের সহসভাপতি রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে উপজেলার নুন্দহ-মুরাদপুর সড়ক থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১২ জানায়, মঙ্গলবার রাতে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় টহলরত সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, সিএনজিচালিত অটোরিকশাযোগে এক ব্যক্তি ইয়াবা নিয়ে নুন্দহ গ্রামের দিকে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে নুন্দহ গ্রামের মোজাম্মেলের বাড়ির সামনে নুন্দহ-মুরাদপুর সড়কে একটি চেকপোস্ট স্থাপন করা হয়।
রাত ৯টার দিকে একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা চেকপোস্টে পৌঁছালে সেটি থামানো হয়। গাড়িতে থাকা একমাত্র যাত্রী রবিউল ইসলামকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি তার জিন্স প্যান্টের বাম পকেটে থাকা জিপার ব্যাগে ইয়াবা থাকার কথা স্বীকার করেন বলে র্যাব জানায়। পরে সেখান থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির ৩ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়।
নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক বলেন, দল কোনো ব্যক্তির অপরাধের দায় নেবে না। এ ঘটনায় রবিউল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে তাকে বহিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, রবিউল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


















