Wednesday , 26 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

বাংলাদেশে ঢুকে কৃষককে মারধরের অভিযোগ, শটগান ফেলে পালানোর দাবি বিএসএফ সদস্যদের বিরুদ্ধে

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বনচৌকি সীমান্তে ধানক্ষেতে কাজ করার সময় এক কৃষককে মারধরের অভিযোগ উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় কৃষকদের ধাওয়ার মুখে বিএসএফ সদস্যরা দুটি শটগান ও একটি ওয়াকিটকি ফেলে চলে যান বলে দাবি করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি সীমান্তের আমঝোল এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, বাংলাদেশের অভ্যন্তরে ধানক্ষেতে কাজ করতে গেলে লিটন মিয়া (২৭) ভারতের ‘৭৮ বিএসএফ ব্যাটালিয়ন’ পাগলিমারি ক্যাম্পের সদস্যদের বাধার মুখে পড়েন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হলে তাকে মারধর করা হয়।

স্থানীয়দের দাবি, লিটন মিয়াকে মারধরের ঘটনায় ক্ষুব্ধ হয়ে আশপাশে থাকা কৃষকরা বিএসএফ সদস্যদের ধাওয়া দেন। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে বিএসএফ সদস্যরা দুটি শটগান ও একটি ওয়াকিটকি ফেলে চলে যান। পরে কৃষকরা সেগুলো বনচৌকি ক্যাম্পে জমা দেন।

ভুক্তভোগী লিটন মিয়া বলেন, বাংলাদেশের অভ্যন্তরে ধানক্ষেতে কাজ করার সময় বিএসএফ সদস্যরা তাকে বাধা দেন। প্রতিবাদ করলে তাকে মারধর করা হয় এবং ভারতের অভ্যন্তরে টেনে নেওয়ার চেষ্টা করা হয়। পরে অন্য কৃষকরা এসে তাকে উদ্ধার করেন। তার দাবি, এ ঘটনায় তার হাত ও পায়ে আঘাত লেগেছে এবং তিনি ঘটনার বিচার চান।

ঘটনার খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত