জেলায় চলতি মাসে জেলা কৃষকদলের উদ্যোগে ২৫ হাজার গাছের চারা রোপণ করা হবে বলেছেন, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর প্রতিটি উপজেলা, ইউনিয়ন তথা গ্রামে-গ্রামে কৃষকদলের নেতাকর্মীরা এ কর্মসূচি বাস্তবায়ন করছেন।
এরই ধারাবাহিকতায় আজ রোববার সকালে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসটার্মিনাল এলাকায় মাতাজী মোড়ে চারা রোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
সড়কের পাশে নিম গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে বক্তারা প্রকৃতির ভারসাম্য রক্ষার ওপর গরুত্ব আরোপ করে সকলকে বৃক্ষ রোপণে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় প্রায় এক হাজার নারী ও পুরুষের মাঝে প্রত্যেককে একটি করে গাছের চারা বিতরণ করা হয়।
জেলা কৃষকদলের আহ্বায়ক মমিনুল ইসলাম চঞ্চলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামনুর রহমান রিপন, সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, নূরে আলম মিঠু, বদলগাছী উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডে প্রমুখ।



















