মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ
প্রাথমিক শিক্ষার গুণগত মান ও শ্রেণিকক্ষের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণে কক্সবাজারের ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শনিবার (৯ মে) সকালে তিনি বিদ্যালয়টি পরিদর্শনে যান। এসময় প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সাথে সরাসরি কথা বলেন। তিনি পাঠদানের মান, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি এবং বিদ্যালয়ের ভৌত অবকাঠামো পর্যবেক্ষণ করেন। পরে তিনি বিদ্যালয়ের শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
শিক্ষকদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ”প্রাথমিক শিক্ষাই হলো একজন শিক্ষার্থীর সুদৃঢ় ভিত্তি। এই ভিত্তি মজবুত করতে শিক্ষকদের আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষার গুণগত মান উন্নয়নে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করছে, তবে এর বাস্তবায়ন নির্ভর করছে আপনাদের কর্মস্পৃহার ওপর।”
মহাপরিচালক শাহীনা ফেরদৌসী এ সময় বলেন, শিশুদের জন্য আনন্দঘন পরিবেশে পাঠদান নিশ্চিত করতে হবে। কোনো শিক্ষার্থী যেন ঝরে না পড়ে, সেদিকে লক্ষ্য রাখা এবং নিয়মিত হোম ভিজিটের মাধ্যমে অভিভাবকদের সচেতন করার ওপর তিনি জোর দেন।
বিদ্যালয় পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অভিভাবক প্রতিনিধি।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বিদ্যালয়ের সামগ্রিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যৎ উন্নয়নের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।



















