মাদারীপুরের ডাসার উপজেলায় স্বর্ণালংকারসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল নিয়ে রুপা আক্তার (১৯) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ করেছেন তার সৌদি প্রবাসী স্বামী। পাঁচ দিন পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ না মেলায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পরিবার।
মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম কোমলাপুর গ্রামের সৌদি প্রবাসী আশিক মাতুব্বরের স্ত্রী রুপা আক্তার বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মাগুরা গ্রামের ফেরদাউস মোল্লার মেয়ে। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বাবার বাড়িতে যাওয়ার কথা বলে স্বামীর বাড়ি থেকে বের হন তিনি। এরপর আর ফিরে আসেননি।
পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে তাকে খুঁজে না পেয়ে একই দিন রাতে রুপার বাবা ফেরদাউস মোল্লা ডাসার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
সৌদি প্রবাসী আশিক মাতুব্বরের দাবি, রুপা আক্তার প্রায় ৭ লাখ টাকার স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ কারণে তার সন্ধান চেয়ে থানায় জিডি করা হয়েছে।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ বলেন, গৃহবধূ নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে। তাকে উদ্ধারের জন্য পুলিশ প্রয়োজনীয় চেষ্টা চালিয়ে যাচ্ছে।



















