নাটোরের লালপুরে মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে আব্দুল্লাহ (২০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ উপজেলার উত্তর লালপুর গ্রামের মো. শহীদুল ইসলাম লাকীর ছেলে এবং রওজাতুস সুন্নাহ কওমি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।
আহতরা হলেন- একই গ্রামের বজলুর রহমানের ছেলে ইমরান (২০) এবং বালিতিতা গ্রামের নাজির হোসেনের ছেলে মনি (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে আব্দুল্লাহ, ইমরান ও মনি একটি মোটরসাইকেলে করে গোপালপুরের দিকে যাচ্ছিলেন। পথে শিমুলতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আব্দুল্লাহর মৃত্যু হয় এবং ইমরান ও মনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়দের সহযোগিতায় লালপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রুমাইয়া হক রাকা বলেন, হাসপাতালে আনার আগেই আব্দুল্লাহর মৃত্যু হয়েছে। আহত ইমরান ও মনির অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।



















