আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাতজনের ফাঁসির রায় ঘোষণার পর হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এ ঘটনা বড় কোনো বিষয় নয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “হাইকোর্টের সামনে হয়তো দুজন আওয়ামী দুষ্কৃতকারী ককটেল ছুড়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে আমরা অলরেডি আইডেন্টিফাইড (শনাক্ত) করেছি তারা কারা।”
ককটেল বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী দোসরদের বিরুদ্ধে আদালতের দেওয়া রায়ের প্রতিক্রিয়ার অংশ হিসেবে হয়তো একটি ককটেল ছোড়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।
তিনি বলেন, “সাতজনের ফাঁসির রায়ের প্রতিক্রিয়া হিসেবে একটা ককটেল বিস্ফোরণ করেছে এ তো। এটা বড় কোনো বিষয় না।”
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ট্রাইব্যুনাল যে রায় ঘোষণা করেছেন, সেটি আদালতের সুবিচার। ভুক্তভোগী ও দেশবাসী আদালতের মাধ্যমে সুবিচার পেয়েছে বলে তারা মনে করেন। আদালতের রায়ের বিষয়ে সরকারের কোনো মন্তব্য নেই উল্লেখ করে তিনি বলেন, আদালত স্বাধীন এবং বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় দিয়েছেন।
এর আগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও কিছু অপতৎপরতার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাঝে মাঝে অল্পসংখ্যক লোক নিয়ে ফজরের পর মিছিল করে ভিডিও করা হয়। তবে গুলশানে জুমার নামাজ পড়ার নাম দিয়ে বেলা ১১টার দিকে কিছু লোক জড়ো হয়ে একটি মিছিল করেছে। পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এ বিষয়ে গোয়েন্দা তথ্য ছিল। তবে পুলিশ বাহিনী ধারণা করতে পারেনি যে, নামাজ পড়তে এসে তারা এমন একটি কার্যক্রম চালাবে। এটিকে পুলিশের ব্যর্থতা বলার সুযোগ নেই; পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।



















