হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটি আন্তর্জাতিক ফ্লাইটের কয়েকজন যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, ভেপ ও মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দ পণ্যগুলোর আনুমানিক মূল্য ১৭ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা।
ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): দুবাই, মালয়েশিয়া ও চীনের গুয়াংজু থেকে আসা তিনটি আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের কাছ থেকে এসব পণ্য জব্দ করা হয় বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
সোমবার (১৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এয়ারপোর্ট সার্কেলের বি-শিফট বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইটে আসা সন্দেহভাজন যাত্রীদের ওপর বিশেষ নজরদারি শুরু করে।
এ সময় দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৪ ফ্লাইটের এক যাত্রী গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার ব্যাগেজ সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হয়। পরে ব্যাগেজ থেকে ২২৩ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।
একই দিনে মালয়েশিয়া থেকে আসা এয়ারএশিয়ার একে-৭১ ফ্লাইটের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৪৪টি ভেপ জব্দ করা হয়। এছাড়া চীনের গুয়াংজু থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩২৬ ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে ১৪৪টি মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। এর মধ্যে একজনের কাছ থেকে ৯৮টি এবং অন্যজনের কাছ থেকে ৪৬টি ডিসপ্লে পাওয়া যায়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, বিভিন্ন আন্তর্জাতিক রুট থেকে আসা যাত্রীদের মাধ্যমে এসব পণ্য আনার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এসব পণ্যের পেছনে কোনো সংঘবদ্ধ চক্র রয়েছে কি না, যাত্রীদের বাহক হিসেবে ব্যবহার করা হয়েছে কি না এবং ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হবে।



















