Tuesday , 8 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ঢাকা দুই সিটিতে এনসিপির নতুন সমীকরণ, প্রার্থী আসিফ ও নাসীরুদ্দীন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 8, 2026 6:16 am

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী তালিকায় পরিবর্তন আনতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা উত্তরে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি।

দলীয় সূত্র জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। প্রার্থী পরিবর্তনের প্রস্তুতির অংশ হিসেবে উভয় নেতা ইতোমধ্যে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নিজ নিজ নির্বাচনি এলাকার ভোটার হয়েছেন।

সূত্র অনুযায়ী, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দক্ষিণ সিটি থেকে ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা উত্তরের ৩৭ নম্বর ওয়ার্ডের (আফতাবনগর) ভোটার হয়েছেন। অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা উত্তর সিটির উত্তরা এলাকা থেকে ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা দক্ষিণ সিটির আওতাধীন ২১ নম্বর ওয়ার্ডের ভোটার হয়েছেন। তাঁরা নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১৩-এর মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন করেন।

প্রার্থিতা পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও মনিরা শারমিন জানান, এ বিষয়ে দলের শীর্ষ নেতৃত্বের আলোচনা চূড়ান্ত হয়েছে। শিগগিরই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানানো হবে।

এনসিপির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ বলেন, সময়ের প্রয়োজন ও পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রাথমিক প্রার্থিতায় সমন্বয় আনা হচ্ছে। তফসিল ঘোষণা ও চূড়ান্ত মনোনয়ন দাখিলের আগ পর্যন্ত কৌশলগত কারণে এমন পরিবর্তন হতে পারে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, এনসিপির রাজনীতি শুধু নির্বাচনকেন্দ্রিক নয়; নির্বাচনের মাধ্যমে সারা দেশের তৃণমূল পর্যায়ের সংগঠন ও নেতাকর্মীদের উজ্জীবিত ও শক্তিশালী করাই দলের মূল লক্ষ্য।

এর আগে চলতি বছরের ২৯ মার্চ এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এক সংবাদ সম্মেলনে পাঁচ সিটির মেয়র প্রার্থী তালিকা ঘোষণা করেন। ওই তালিকায় ঢাকা উত্তর সিটিতে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং ঢাকা দক্ষিণে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম ছিল। প্রায় ছয় মাস পর সেই সিদ্ধান্ত পরিবর্তন করে রাজধানীর দুই সিটিতে নতুন নির্বাচনী সমীকরণ তৈরি করছে দলটি।

সর্বশেষ - আইন-আদালত