বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে ঢাকায় বদলি করা হয়েছে। একই সঙ্গে বিআরটিএর কয়েকজন কর্মকর্তাকে বিভিন্ন পদে রদবদল করা হয়েছে।
গত ৩১ আগস্ট জারি করা এক অফিস আদেশে মো. মাসুদ আলমকে বিআরটিএর ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদে পদায়ন করা হয়। এর আগে তিনি চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একই পদে দায়িত্ব পালন করছিলেন।
মাসুদ আলম আওয়ামী লীগ সরকারের সময় তৎকালীন সড়কমন্ত্রী ওবায়দুল কাদেরের একটি বক্তব্যের পর আলোচনায় আসেন। ওই সময় ওবায়দুল কাদের তাকে সতর্ক করে বলেছিলেন, ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’। পরে ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বিআরটিএর অফিস আদেশ অনুযায়ী, ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞাকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একই পদে বদলি করা হয়েছে। তিনি মো. মাসুদ আলমের স্থলাভিষিক্ত হবেন।
এ ছাড়া খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. জিয়াউর রহমানকে বিআরটিএ সদর কার্যালয়ের পরিচালক (রোড সেফটি) পদে বদলি করা হয়েছে। পাশাপাশি তাকে বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
একই আদেশে খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) তানভীর আহমেদকে নিজ দায়িত্বের পাশাপাশি ওই কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং)-এর অতিরিক্ত দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।



















