ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শাবনূর দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন। সেখানে জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ ও তার পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করে শাবনূর জানিয়েছেন, গতকাল সিডনিতে তার ভাইয়ের বাসায় পরিবারের সদস্যদের নিয়ে তাসকিন আহমেদের সঙ্গে দেখা হয়। সেখানে বারবিকিউ পার্টিতে অংশ নিয়ে আনন্দঘন সময় কাটানোর কথাও জানান তিনি।
তাসকিন ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শাবনূর লিখেছেন, ‘গতকাল সিডনিতে আমার ভাইয়ের বাসায় পরিবারসহ প্রিয় ক্রিকেটার তাসকিন আহমেদের সঙ্গে বারবিকিউ পার্টিতে আমরা দারুণ কিছু সময় কাটালাম। ধন্যবাদ তাসকিন ও তোমার পরিবারকে, তোমাদের সঙ্গে সময়টা সত্যিই সুন্দর ছিল।’
জাতীয় দলের এই পেসারের ক্রিকেটীয় সাফল্যের প্রশংসাও করেছেন শাবনূর। তাসকিনকে দেশের গর্ব উল্লেখ করে তিনি তার ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
শাবনূরের এই পোস্টের পর তাসকিনের সঙ্গে তার পারিবারিক আড্ডার বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। দুই অঙ্গনের জনপ্রিয় দুই তারকার এই সাক্ষাতের মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে।



















