বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার একটি মসজিদে নিয়মিত ইমামতি না করেও ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের নামে সরকারি ভাতার টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা নাজির আহম্মেদের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়নের উত্তর পুটিখালী গ্রামের পুটিখালী বায়তুন আমান জামে মসজিদকে কেন্দ্র করে এ অভিযোগ ওঠে। মসজিদের সাবেক মুয়াজ্জিন আব্দুর রব হাওলাদার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে দেওয়া লিখিত অভিযোগে দাবি করেন, মসজিদে দীর্ঘদিন ধরে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় হয় না। শুক্রবার জুমার নামাজে একজন অস্থায়ী ইমাম দায়িত্ব পালন করেন এবং অন্য সময় স্থানীয় একজন আজান দেন।
অভিযোগে আরও বলা হয়, নিয়মিত ইমামতি না হলেও ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের নামে সরকারি ভাতার অর্থ উত্তোলন করা হচ্ছে। এ ঘটনায় মসজিদ-সংশ্লিষ্ট ও স্থানীয় কয়েকজন বাসিন্দা সরকারি ভাতার অর্থ যথাযথ ব্যক্তিদের মধ্যে বিতরণ এবং মসজিদে নিয়মিত নামাজ আদায়ের পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন মাওলানা নাজির আহম্মেদ। তিনি বলেন, তিনি মসজিদের খতিব হিসেবে নিয়মিত নামাজ পরিচালনা করেন এবং সেখানে ইমাম ও মুয়াজ্জিনও রয়েছেন। তার দাবি, এ পর্যন্ত শুধু ৫ হাজার টাকা প্রণোদনা উত্তোলন করা হয়েছে। রাজনৈতিকভাবে তাকে হেয় করার উদ্দেশ্যেই একটি মহল এ অভিযোগ তুলেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল্লাহ বলেন, শুধু পুটিখালী ইউনিয়নের ওই মসজিদ নয়, একই ধরনের আরও কয়েকটি মসজিদ সম্পর্কে অভিযোগ পাওয়া গেছে। তিনি জানান, এ-সংক্রান্ত কমিটির সভা করে সব অভিযোগ তদন্ত করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



















