রাজধানীর শাহবাগে স্থাপিত ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে পুস্তপস্তবক অর্পণ ও শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন, সোহরাওয়ার্দী উদ্যানে সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত উন্মুক্ত কনসার্ট এবং মানিক মিয়া অ্যাভিনিউতে একটি কনসার্টের আয়োজন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ও শাহবাগ এলাকা এবং খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত যান চলাচল সীমিত থাকবে।
সড়কের তীব্র যানজট নিরসনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ আজ বুধবার ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইউটার্ন ও ডাইভারশনের মাধ্যমে যানবাহনের প্রবাহ নিয়ন্ত্রণ করবে। ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে বিকল্প ট্রাফিক রুট নির্ধারণ করেছে ডিএমপি ।
ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
বিকল্প সড়কগুলো হচ্ছে- ফার্মগেট থেকে শাহবাগ অভিমুখী যানবাহন হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং হতে বামে মোড় নিয়ে হেয়ার রোড ও মিন্টো রোড ব্যবহার করবেন।
গোলাপশাহ মাজার ক্রসিং হাইকোর্ট ক্রসিং মৎস্য ভবন ক্রসিং হতে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন কাকরাইল মসজিদ ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।
সায়েন্সল্যাব ক্রসিং হতে শাহবাগ অভিমুখী যানবাহন মিরপুর রোড নিউ মার্কেট ক্রসিং আজিমপুর ক্রসিং চাঁনখারপুল ক্রসিং-বকশীবাজার ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে অথবা সায়েন্সল্যাব ক্রসিং হয়ে শাহবাগ অভিমুখী যানবাহন বাটা ক্রসিং-কাটাবন ক্রসিং ডানে বা বামে মোড় নিয়ে হাতিরপুল ও নীলক্ষেত পলাশী ক্রসিং হয়ে গন্তব্যে পৌছাবে।
মিরপুর রোড টু ফার্মগেট ভায়া মানিক মিয়া অ্যাভিনিউ: মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আগত ফার্মগেট ও সোনারগাঁও অভিমুখী যানবাহন গণভবন ক্রসিং-বামে মোড় নিয়ে লেকরোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে গমন করবে।
ফার্মগেট টু মানিক মিয়া অ্যাভিনিউ ভায়া ইন্দিরা রোড: ফার্মগেট থেকে খেজুর বাগান ক্রসিং-ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-বামে মোড় নিয়ে লেক রোড-গণভবন ক্রসিং এর দিকে গমন করবে।
ধানমন্ডি থেকে ফার্মগেট: ধানমন্ডি ২৭ থেকে আগত যানবাহন আসাদগেট-গণভবন ক্রসিং ডানে ইউটার্ন করে লেকরোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিং এর দিকে গমনাগমন করবে।
আসাদগেট হতে ফার্মগেট ক্রসিং: আসাদগেট-বামে মোড় নিয়ে গণভবন ক্রসিং-ডানে মোড় নিয়ে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিং এর দিকে গমন করবে।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ইন্দিরা রোড থেকে ধানমন্ডি: এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ইন্দিরা রোড থেকে আগত যানবাহন খেজুর বাগান ক্রসিং-ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-বামে মোড় নিয়ে লেক রোড-বামে মোড় নিয়ে আসাদগেট-সোজা পথে ধানমন্ডির দিকে গমন করবে।
মিরপুর রোড থেকে ধানমন্ডি ২৭: মানিক মিয়া অ্যাভিনিউ হতে ব্লকেড সরিয়ে ফেলা হবে বিধায় মিরপুর রোড থেকে দক্ষিণ অভিমুখী যানবাহন শ্যামলী-শিশুমেলা-গণভবন-আসাদগেট থেকে সোজা ধানমন্ডি ২৭ এর দিকে গমনাগমন করবে।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে: অনুষ্ঠান চলাকালীন যানজট ও দুর্ভোগ এড়াতে ফার্মগেট এক্সিট রযাম্প ব্যবহারের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) রযাম্প ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।
যানজট নিরসনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা চেয়েছে।
সূত্রঃ বাসস



















