যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে তীব্র তাপপ্রবাহ জনজীবনে বড় ধরনের প্রভাব ফেলেছে। শুক্রবার রেকর্ড উচ্চ তাপমাত্রার কারণে দেশটির স্বাধীনতা দিবসের (৪ জুলাই) বিভিন্ন আয়োজন, বিশ্বকাপের ম্যাচ এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ওপর চাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, জাতীয় আবহাওয়া পরিষেবার তথ্য অনুযায়ী, প্রায় ১৬ কোটি মানুষ তীব্র অথবা চরম তাপপ্রবাহ-সংক্রান্ত সতর্কতার আওতায় রয়েছেন। এমন পরিস্থিতির মধ্যেই দেশটি স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে।
রাজধানী ওয়াশিংটনের ন্যাশনাল মলে আয়োজিত স্বাধীনতা দিবসের কয়েকটি অনুষ্ঠান অতিরিক্ত গরমের কারণে দুপুরের দিকে সাময়িকভাবে বন্ধ রাখতে হয়।
এদিকে ‘গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’-এ অংশ নেওয়া এক তরুণী তাপজনিত অসুস্থ হয়ে পড়লে জরুরি চিকিৎসাকর্মীরা তাকে দ্রুত হাসপাতালে পাঠান। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, একই অনুষ্ঠানে আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। পরে নিরাপত্তার স্বার্থে আয়োজকেরা অনুষ্ঠানটি স্থগিতের সিদ্ধান্ত নেন।
নিউইয়র্ক সিটিতেও তাপপ্রবাহের তীব্রতা ছিল উল্লেখযোগ্য। আবহাওয়ার পূর্বাভাসে আর্দ্রতার প্রভাব বিবেচনায় অনুভূত তাপমাত্রা ১১৫ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ৪৬ ডিগ্রি সেলসিয়াস) পর্যন্ত পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হলেও, বাস্তবে তা প্রায় ১০৫ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ৪১ ডিগ্রি সেলসিয়াস) অনুভূত হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় নগর কর্তৃপক্ষ জরুরি পদক্ষেপ নিয়েছে। শহরের বিভিন্ন স্থানে কুলিং সেন্টার চালু করা হয়েছে এবং জনসাধারণের সুবিধার্থে সরকারি সুইমিং পুলের কার্যক্রমের সময়ও বাড়ানো হয়েছে।



















