নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে মজুত করা ৩৯৫ লিটার অক্টেন এবং ২৪ বস্তা সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল (শুক্রবার) রাতে সমন্বিত অভিযান পরিচালনা করে এসব জব্দ করা হয়।
বিজিবি জানায়, অভিযানে সোনাইছড়ি নামক স্থান থেকে অবৈধভাবে মজুত করা ৩৯৫ লিটার জ্বালানি তেল (অকটেন) জব্দ করে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)। একই সময়ে টাইম বাজার এলাকা থেকে ২০ বস্তা ইউরিয়া এবং ৪ বস্তা টিএসপি সার জব্দ করা হয়।
জব্দ করা জ্বালানি তেল ও সার চোরাচালানের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে বিজিবি।
এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ফয়জুল কবির জানান, বিজিবি মহাপরিচালকের কঠোর নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, পাচার, কালোবাজারি এবং সকল প্রকার চোরাচালান প্রতিরোধে অভিযান জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, মহাপরিচালকের নির্দেশনা বাস্তবায়নে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



















