কক্সবাজারের মহেশখালীতে সিএনজিচালিত একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে আটটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পালিয়ে যাওয়া আরও দুজনকে ধরতে অভিযান চলছে।
রোববার (৩০ আগস্ট) দুপুরে মহেশখালী থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ এ তথ্য জানায়। এর আগে শনিবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা চৌরাস্তা মোড়ে চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন মহেশখালীর ঠাকুরতলা এলাকার মানিক দে (৩৮) এবং চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মো. রুবেল মিয়া (৩৪)। তাদের কাছ থেকে একটি রাইফেল, ছয়টি একনলা বন্দুক এবং একটি এলজি উদ্ধার করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানান, মহেশখালী থেকে চট্টগ্রামে অস্ত্র পাচারের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে। এ সময় সন্দেহভাজন একটি সিএনজিচালিত অটোরিকশাকে থামানোর সংকেত দিলে গাড়িতে থাকা কয়েকজন পালানোর চেষ্টা করে। পুলিশ দুজনকে আটক করতে সক্ষম হয় এবং অটোরিকশায় থাকা একটি ট্র্যাভেল ব্যাগে তল্লাশি চালিয়ে সাদা ও কালো পলিথিনে মোড়ানো আটটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র জব্দ করে।
মহেশখালী থানার ওসি আবদুস সুলতান জানান, আটক দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। এছাড়া অটোরিকশা থেকে পালিয়ে যাওয়া অন্য দুজনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



















