ভারতের ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে সিঙ্গাপুরগামী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। জাহাজে থাকা ২৪ নাবিকের মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন। তাদের উদ্ধারে ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথ অভিযান চালাচ্ছে।
ভারতীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, পানামার পতাকাবাহী জাহাজটি ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে আকরিক লোহা নিয়ে ২০ আগস্ট সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। জাহাজটিতে মোট ২৪ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে ২০ জন চীনের, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশি।
জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিনট্রাফিক-এর তথ্য অনুযায়ী, ২২ আগস্ট সকাল ১১টা ৪৮ মিনিটে শ্রী বিজয় পুরমের মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পায়। পরে জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোং লিমিটেড উদ্ধার তৎপরতায় সহায়তার অনুরোধ জানিয়ে সতর্কবার্তা পাঠায়।
এরপর অনুসন্ধান ও উদ্ধার অভিযানে ভারতীয় কোস্ট গার্ডের বরাদ ও আনমোল নামের দুটি জাহাজ মোতায়েন করা হয়। পাশাপাশি শ্রী বিজয় পুরম থেকে বিজীত নামের আরেকটি জাহাজও অভিযানে যুক্ত হয়েছে।
এদিকে, সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, জাহাজে থাকা নাবিকদের কাউকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।



















