ঝিনাইদহে একটি কাভার্ডভ্যানে অভিযান চালিয়ে ১ হাজার ৬৫০ বোতল ফেনসিডিল জাতীয় মাদক উদ্ধার করেছে র্যাব-৬। এ সময় কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেলেও হেলপার শাহিনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে মাদক বহনকারী কাভার্ডভ্যানটিও।
বুধবার রাত ১২টার দিকে ঝিনাইদহ শহরের হামদহ বাইপাস মোড়ে এ অভিযান পরিচালনা করে র্যাব-৬ ঝিনাইদহ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সেখানে অবস্থান নেয় র্যাবের একটি দল।
র্যাব জানায়, রাত ১২টার দিকে কালীগঞ্জ থেকে আসা একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটির বিশেষভাবে তৈরি গোপন চেম্বারে বস্তাভর্তি অবস্থায় লুকিয়ে রাখা ১ হাজার ৬৫০ বোতল ফেনসিডিল জাতীয় মাদক উদ্ধার করা হয়।
আটক শাহিন ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল মালেকের ছেলে। তবে কাভার্ডভ্যানের চালক পালিয়ে যেতে সক্ষম হন।
ঝিনাইদহ র্যাব-৬-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, উদ্ধার করা মাদক, জব্দ করা কাভার্ডভ্যান এবং আটক শাহিনকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



















