মুম্বাইয়ের লালবাগচা রাজা মণ্ডপে স্ত্রী মান্যতা দত্তকে নিয়ে দর্শনে যান বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। সেখানে ভিড়ের মধ্যে স্ত্রীকে আগলে রাখার পাশাপাশি গণেশের পায়ের কাছ থেকে সিঁদুর নিয়ে মান্যতার কপালে পরিয়ে দেন তিনি। সেই মুহূর্তের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) লালবাগচা রাজায় দর্শন করতে যান সঞ্জয় দত্ত ও মান্যতা। এ সময় সঞ্জয়ের পরনে ছিল উজ্জ্বল কমলা রঙের পাঞ্জাবি (কুর্তা), আর মান্যতাকে দেখা যায় উজ্জ্বল গোলাপি রঙের সালোয়ার-কামিজে। মণ্ডপে প্রচণ্ড ভিড় থাকায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে নিয়ে প্রবেশ করেন সঞ্জয়। পুরো সময় তিনি মান্যতার পাশে ছিলেন এবং তাকে নিরাপদে রাখার চেষ্টা করেন।
দর্শনের সময় একটি বিশেষ মুহূর্ত ক্যামেরাবন্দি করেন আলোকচিত্রীরা। গণেশের পায়ের কাছ থেকে সিঁদুর নিয়ে স্ত্রী মান্যতার কপালে পরিয়ে দেন সঞ্জয়। পরে ওই মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা শুরু হয়।
লালবাগচা রাজায় প্রতিবছর আসার ইচ্ছার কথাও জানান সঞ্জয় দত্ত। সংবাদমাধ্যমকে তিনি বলেন, আবারও লালবাগচা রাজার দর্শন করতে পারা তার জন্য সৌভাগ্যের বিষয়। তিনি এখানে এসেছেন কারণ বাপ্পা (গণেশ) তাকে ডেকেছেন। সঞ্জয় প্রার্থনা করেন, বাপ্পা যেন তাকে প্রতি বছর এখানে আসার সুযোগ দেন।
এদিন লালবাগচা রাজা মণ্ডপে সঞ্জয় দত্তের সঙ্গে দেখা হয় অভিনেতা চাঙ্কি পান্ডের। চাঙ্কি তার মেয়ে অনন্যা পান্ডেকে নিয়ে সেখানে এসেছিলেন। দুই পুরোনো সহকর্মী একে অপরকে জড়িয়ে শুভেচ্ছা জানান।
কাজের ক্ষেত্রে সঞ্জয় দত্তকে ২০২৫ সালে ‘হাউসফুল ৫’, ‘বাগি ৪’ ও ‘ধুরন্ধর’ সিনেমায় দেখা গেছে। ২০২৬ সালে তার অভিনীত সিনেমার তালিকায় রয়েছে ‘দ্য রাজা সাব’, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’, ‘রাজা শিবাজি’, ‘আখরি সাওয়াল’ এবং কন্নড় সিনেমা ‘কেডি: দ্য ডেভিল’।
সঞ্জয় দত্তের পরবর্তী সিনেমার মধ্যে রয়েছে ‘রেঞ্জার’। জগন শক্তি পরিচালিত সিনেমাটি ২০২৬ সালের ডিসেম্বর থেকে পিছিয়ে ২০২৭ সালে মুক্তির কথা রয়েছে। এতে অজয় দেবগন বন কর্মকর্তা এবং সঞ্জয় দত্ত খলনায়কের চরিত্রে অভিনয় করছেন। সিনেমাটিতে আরও রয়েছেন তামান্না ভাটিয়া। এছাড়া ‘খলনায়ক রিটার্নস’ সিনেমাতেও দেখা যাবে তাকে।
সূত্র: হিন্দুস্তান টাইমস



















