গাইবান্ধায় মাদকাসক্ত বাবার বিরুদ্ধে নেশার টাকা জোগাড় করতে নিজের ১১ মাসের শিশুকন্যাকে জিম্মি করার অভিযোগ উঠেছে। সন্তানকে ফিরে পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন মা রোমানা আকতার।
সোমবার (১৪ সেপ্টেম্বর) গাইবান্ধা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-১-এ শিশুকে উদ্ধারের আবেদন করেন রোমানা আকতার। আদালতের বিচারক নিশাত তাজনীন বিষয়টি আমলে নিয়ে শিশু উদ্ধারে গাইবান্ধা সদর থানা পুলিশকে নির্দেশ দেন।
অভিযোগ অনুযায়ী, গাইবান্ধা পৌর এলাকার দক্ষিণ ধানঘরা গ্রামের বাসিন্দা হামিদুল ইসলাম মাদকাসক্ত। তার বাবা সাদুল্লাপুর উপজেলার সাহারবাজার এলাকার বাসিন্দা শাজাহান মিয়া ছেলেকে মাদকমুক্ত করার আশায় ২০২৪ সালের জুলাই মাসে পৌর এলাকার রোমানা আকতারের সঙ্গে তার বিয়ে দেন।
বিয়ের পর হামিদুল ইসলাম শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে থাকতেন। আর্থিক সংকটের মধ্যেও স্ত্রীকে নিয়ে সংসার করলেও তিনি কোনো কাজ করতেন না। ফলে সংসারে অভাব-অনটন লেগেই থাকত। পরে তাদের একটি কন্যাসন্তান জন্ম নেয়, যার নাম রাখা হয় ফাতেমা আকতার জান্নাতি।
রোমানার অভিযোগ, মাদকের টাকা জোগাড় করতে না পেরে হামিদুল তাকে মারধর করতেন। গত ১৭ জুলাই বিকেলে হামিদুল শ্বশুরবাড়িতে এসে ১১ মাসের মেয়ে ফাতেমা আকতার জান্নাতিকে জুস কিনে দেওয়ার কথা বলে কোলে নিয়ে বাইরে বের হন। এরপর তিনি শিশুটিকে নিয়ে আর বাড়িতে ফেরেননি।
রোমানা দাবি করেন, মাদকের টাকা না পাওয়ায় হামিদুল শিশুকে নিয়ে পালিয়ে গেছেন। ঘটনার দুই দিন পর মোবাইল ফোনে তিনি ৫ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে শিশুটিকে বিক্রি করে দেওয়ার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেন রোমানা।
আদালতের নির্দেশ পাওয়ার পর সোমবার রাত থেকে শিশুকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা স্বপন কুমার।
গাইবান্ধা থানার ওসি নাজমুল হুদা বলেন, বিষয়টি ভুয়া বলে মনে হয়েছে। তবে আদালতের নির্দেশ অনুযায়ী পুলিশ শিশুটির বাবা হামিদুল ইসলামকে গ্রেফতার এবং শিশু জান্নাতিকে উদ্ধারের চেষ্টা করছে।



















