বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ১০৬তম ব্যাচে সিপাহী (জিডি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে পুরুষ ও নারী উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।
বিজিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, সিপাহী (জিডি) পদে নিয়োগের জন্য আবেদনপ্রক্রিয়া শুরু হবে ১৫ সেপ্টেম্বর ২০২৬ এবং আবেদন করা যাবে ২৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। পদের সংখ্যা উল্লেখ করা হয়নি।
আবেদনের জন্য প্রার্থীদের এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ–৩.০০ এবং এইচএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ–২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের উচ্চতা হতে হবে ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি)। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের প্রার্থীদের জন্য উচ্চতা নির্ধারণ করা হয়েছে ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)। নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১.৫৭৪ মিটার (৫ ফুট ২ ইঞ্চি) এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের প্রার্থীদের জন্য ১.৫২৪ মিটার (৫ ফুট) হতে হবে।
প্রার্থীদের বয়স ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। এ পদে বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে ৯,০০০–২১,৮০০ টাকা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদন করতে হবে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে। আবেদনকালে প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে। বিজিবি কর্তৃক দেওয়া ইউজার আইডি ও পাসওয়ার্ড হারিয়ে গেলে তা প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
এ ছাড়া কোনো প্রার্থী ফৌজদারি অপরাধে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে বিজিবিতে চাকরির জন্য অযোগ্য হবেন। স্থায়ী ঠিকানা গোপন করে চাকরি পেলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি চাকরি থেকে ‘বরখাস্ত’ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আবেদন করার সময় নিজস্ব পৈতৃক স্থায়ী ঠিকানা (নিজ জেলা) ব্যবহার করতে হবে। ভাড়া বাসা, বর্তমান বা অস্থায়ী ঠিকানাকে স্থায়ী ঠিকানা হিসেবে গণ্য করা হবে না। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য বিজিবির ওয়েবসাইটে পাওয়া যাবে।



















