মৌলভীবাজারের কমলগঞ্জে টমটম ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ধলাই নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন চালক প্রিতম এরিক (পিতু)। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কমলগঞ্জ পৌরসভার দক্ষিণ কুমড়াকাপন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সকালে একজন যাত্রীকে নিয়ে প্রিতম এরিক কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। পরে ফেরার পথে দক্ষিণ কুমড়াকাপন এলাকায় ধলাই নদীর পাড়ে টমটমটি ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি নদীতে পড়ে যায়। এ সময় টমটমসহ চালকও পানিতে তলিয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে পড়ে যাওয়ার পর প্রিতম স্থানীয়দের সহায়তার জন্য চিৎকার করেন। পরে কয়েকজন বাসিন্দা দ্রুত নদীতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা চালান। তবে তাদের চোখের সামনেই তিনি পানিতে ডুবে যান। এরপর স্থানীয়রা তার সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তারা নদী থেকে টমটমটি উদ্ধার করতে পারলেও নিখোঁজ চালকের সন্ধান পাননি। পরে সিলেট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করেছে।
নিখোঁজ প্রিতম এরিক (পিতু) কমলগঞ্জ উপজেলার দক্ষিণ বালিগাঁও বটতলা এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার টমাস এরিকের ছেলে।
কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট লিডার ফারুক আহমদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে টমটমটি উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। মৌলভীবাজারে ডুবুরি দল না থাকায় সিলেট থেকে ডুবুরি দল আনা হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।
কমলগঞ্জ থানার ওসি মো. কমর উদ্দিন বলেন, ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থলে গেছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।



















