আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। এ বিষয়ে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়ে পুনরায় ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) পাঠানো ওই চিঠিতে সংগঠনটি জানায়, ১৯৯৬ সাল থেকে বেনাপোল ও আখাউড়া স্থল শুল্ক স্টেশনের মাধ্যমে তারা নিয়মিত বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করে আসছিল। তবে ২০১২ সালের জুলাইয়ে বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানিতে আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা জারি করার পর থেকেই তারা এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন।
চিঠিতে আরও বলা হয়, ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে দুর্গাপূজাকে সামনে রেখে প্রতি বছর মাত্র এক মাসের জন্য ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হলেও এ স্বল্প সময়ের সুযোগ ব্যবসায়িকভাবে কাঙ্ক্ষিত ফল দিচ্ছে না।
আমদানিকারকরা দুই বাংলার ভাষা, সংস্কৃতি ও খাদ্য ঐতিহ্যের কথা উল্লেখ করে বলেন, পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার মানুষের কাছে পদ্মার ইলিশ অত্যন্ত জনপ্রিয়। তাই ইলিশ রপ্তানির ওপর থেকে স্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে ভারতের, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
সূত্র: এএনআই



















