ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে জেলা পুলিশ। মশার প্রজননস্থল ধ্বংস ও পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম।
পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় পুলিশ স্থাপনা ও আশপাশের এলাকায় জমে থাকা পানি, ময়লা-আবর্জনা এবং মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার করা হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সচেতন করা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ হাফিজুর রহমানসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে একই সময়ে জেলার বিভিন্ন থানায়ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।



















