Sunday , 6 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

রায়পুরে পেট্রল দিয়ে আগুনের অভিযোগ, পুড়ল ১১ বসতঘর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 6, 2026 7:29 am

লক্ষ্মীপুরের রায়পুরে অগ্নিকাণ্ডে ১১টি বসতঘর পুড়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, একটি ঘরে পেট্রল ছিটিয়ে আগুন দেওয়ার পর তা আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।

রোববার (৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে চারটার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজারসংলগ্ন আশহক ব্যাপারীবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ঘরগুলোর আসবাবপত্র, কাপড়চোপড়, টাকা ও প্রয়োজনীয় মালামাল পুড়ে গেছে।

এ ঘটনায় অভিযুক্ত হিসেবে মো. সোহেল (৪০) নামে এক ব্যক্তিকে স্থানীয়রা মারধরের পর পুলিশে সোপর্দ করেন। সোহেল ওই এলাকার বাসিন্দা। আগুনে তার ঘরও পুড়ে গেছে। মারধরে আহত সোহেলকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ভোর সাড়ে চারটার দিকে সোহেলের ঘর থেকেই আগুনের সূত্রপাত হয়। তাদের অভিযোগ, সোহেল নিজের ঘরে পেট্রল ছিটিয়ে আগুন দেন। পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বসতঘরগুলোতে ছড়িয়ে পড়ে।

ক্ষতিগ্রস্ত বাসিন্দা কৃষক ছিদ্দিক উল্যাহ বলেন, ‘সোহেল পেট্রল ছিটিয়ে নিজের ঘরে আগুন দেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় আমার ঘরও পুড়ে যায়। ঘরে থাকা সব মালামাল ও টাকাপয়সা পুড়ে গেছে। এক মুঠো চাল, এমনকি একটি কাপড়ও বের করতে পারিনি।’

আরেক ক্ষতিগ্রস্ত বাসিন্দা আহসান উল্লাহ বলেন, ‘আগুনে আমাদের ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। পরনের কাপড় ছাড়া কিছুই বের করতে পারিনি। ঘরে থাকা টাকাপয়সা, আসবাবপত্র, কাপড়চোপড়—সব শেষ। মুহূর্তের মধ্যে চোখের সামনে আমাদের শেষ সম্বলটুকুও পুড়ে গেল। এখন পরিবার নিয়ে কোথায় থাকব, কীভাবে আবার ঘর তুলব, কিছুই বুঝতে পারছি না।’

খবর পেয়ে রায়পুর ফায়ার সার্ভিসের দুটি ও লক্ষ্মীপুরের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকালে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সোনাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বি এম শাহজালাল কিসমত বলেন, ‘সোহেল নিয়মিত মাদক সেবন করেন। নেশাগ্রস্ত অবস্থায় তিনি প্রথমে পেট্রল দিয়ে নিজের ঘরে আগুন দেন। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।’

রায়পুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ সৈয়দ আহমেদ বলেন, ‘পুড়ে যাওয়া ঘরগুলো টিনের তৈরি। প্রাথমিকভাবে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘আগুনে ১১টি ঘর পুড়ে গেছে। স্থানীয় লোকজনের মারধরের পর সোহেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত