Tuesday , 1 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

কুষ্টিয়াকে মাদকমুক্ত করতে গডফাদারদের টার্গেট: পুলিশ সুপার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 1, 2026 7:33 am

কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম জেলার মাদক ও সন্ত্রাস দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি জানিয়েছেন, শুধু মাদক বিক্রেতা নয়, মাদকের গডফাদারদেরও আইনের আওতায় আনা হবে।

সোমবার (৩১ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে কুষ্টিয়া পুলিশ সুপারের সম্মেলনকক্ষে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় এসব কথা বলেন পুলিশ সুপার। তিনি বলেন, ‘কুষ্টিয়া জেলাকে মাদকমুক্ত করতে আমি শুধু মাদক বিক্রেতাকেই নয়, মাদকের যারা গডফাদার রয়েছেন, তাদেরও আইনের আওতায় আনতে চাই। আপনাদের কথা দিচ্ছি, আমি গডফাদার পর্যন্ত যাব।’

মতবিনিময় সভায় পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং গণমাধ্যম ও পুলিশের সমন্বিত কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলা গ্রহণের ক্ষেত্রে কোনো রাজনৈতিক দল বা নেতার মতামতের প্রয়োজন নেই। তবে কোনো অভিযোগ বা ঘটনা সত্য কি না, তা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় সময় দিতে হবে।

তিনি আরও বলেন, ‘এখন থেকে থানায় কোনো দালালের স্থান হবে না। থানায় বসে সালিশ-মীমাংসা করারও কোনো সুযোগ থাকবে না।’ পাশাপাশি কিশোর গ্যাংয়ের উৎপাত কমাতে কমিউনিটি পুলিশিং কার্যক্রম ও উঠান বৈঠক বাড়ানোর ঘোষণা দেন তিনি।

পুলিশ সদস্যদের দায়িত্বে অবহেলা ও টহল ডিউটিতে অনিয়ম রোধে অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা চালুর কথা জানিয়ে পুলিশ সুপার বলেন, ‘টহল পার্টির অবস্থান সব সময় জানার জন্য ব্যবস্থা করব। অনলাইন সিস্টেম চালু করছি, যাতে একজন পুলিশ কর্মকর্তা কোথায় আছেন, কখন কোন থানায় আছেন, তা ট্র্যাকিং করতে পারি। আশা করি, পুলিশ আর ঘুমাবে না।’

অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে তিনি অনলাইন জুয়া, চুরি ও ছিনতাই প্রতিরোধেও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান। কুষ্টিয়া শহরের যানজট নিরসন এবং সিসি ক্যামেরা সচল বা নতুন করে স্থাপনের বিষয়েও দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, পুলিশের কোনো ভুলত্রুটি বা বিচ্যুতি থাকলে তা গঠনমূলক সমালোচনার মাধ্যমে তুলে ধরতে হবে, যাতে দ্রুত সংশোধনের সুযোগ তৈরি হয়। তিনি বলেন, ‘আপনারা লিখুন, সমালোচনা করুন। তাহলে আমরা নতুন জিনিস শিখতে পারব।’ একই সঙ্গে কোনো সংবাদ প্রকাশের আগে গুজবে কান না দিয়ে পুলিশের সঙ্গে তথ্য যাচাই করার অনুরোধ জানান তিনি।

সভায় উপস্থিত সাংবাদিকেরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপারকে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ, জেলা স্পেশাল ব্রাঞ্চের ডিআই-১, কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ ছাড়া কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, কুষ্টিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি খন্দকার আল মামুন সাগর, লুৎফর রহমান কুমার, সহসভাপতি নূরুন্নবী বাবু, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) দপ্তর সম্পাদক এস এম মাহফুজ উর রহমানসহ জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার বলেন, ‘কুষ্টিয়া পুলিশকে ঢেলে সাজাতে চাই। আমাদের অভ্যন্তরীণ কিছু সিস্টেম পরিবর্তন করতে চাই। আমার প্রথম চাওয়াই হচ্ছে কুষ্টিয়াকে মাদক ও সন্ত্রাসমুক্ত করা।’

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত