স্পেনের রাজধানী মাদ্রিদে একটি বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে গাজীপুরের কালীগঞ্জের তরুণ ইউসুফ হাসান আলিফ (২৭) নিহত হয়েছেন। মৃত্যুর কয়েক মুহূর্ত আগে সহকর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বাঁচার আকুতি জানিয়েছিলেন তিনি।
রোববার (৩০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে মাদ্রিদের আরগানসুয়েলা জেলার মেট্রো পালোস দে লা ফ্রন্তেরা এলাকার কাইয়ে কানারিয়াস সড়কের একটি বাইসাইকেল গ্যারেজে এ অগ্নিকাণ্ড ঘটে।
নিহত ইউসুফ হাসান আলিফ গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার উত্তরগাঁও এলাকার আব্দুল মোতালিব ও রহিমা খাতুন দম্পতির ছেলে। পেশায় তিনি ফুড ডেলিভারি রাইডার ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইউসুফের মামাতো ভাই ও বার্সেলোনা প্রবাসী শফিকুল ইসলাম রাসেল।
স্বজনরা জানান, ভাগ্য পরিবর্তনের আশায় গত জুনে স্পেনে যান ইউসুফ। সেখানে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে কাজের অনুমতির অপেক্ষায় ছিলেন তিনি। দীর্ঘ অপেক্ষার পর অগ্নিকাণ্ডের মাত্র দুই দিন আগে তার হাতে আসে ওয়ার্ক পারমিট। কাজের অনুমতি পাওয়ার পর নতুন ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা শুরু করেছিলেন তিনি।
রোববার সন্ধ্যায় প্রতিদিনের মতো ফুড ডেলিভারির কাজে ব্যবহৃত সাইকেল আনতে গ্যারেজে যান ইউসুফ। সেখানে একটি ইলেকট্রিক বাইসাইকেলের ব্যাটারি বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। গ্যারেজে ঘন ধোঁয়া ও বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ায় ইউসুফসহ তার দুই সহকর্মী ভেতরে আটকা পড়েন।
বাঁচার চেষ্টা করে সহকর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ইউসুফ লিখেছিলেন, ‘আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে।’ খবর পেয়ে মাদ্রিদ সিটি কাউন্সিলের ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি গ্যারেজে জমে থাকা বিষাক্ত গ্যাস অপসারণ করেন।
আগুন নিয়ন্ত্রণে আনার পরও ইউসুফকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাস্থলেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আগুনে দগ্ধ তার অপর দুই সহকর্মীকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।



















