চট্টগ্রামের মিরসরাইয়ে নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বড়তাকিয়া গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন তালাত মাহমুদ শুভ (১৯) ও আব্দুল্লাহ আল ওমর। শুভ উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া এলাকার মৃত আমিনুল ইসলামের ছেলে। ওমর একই ইউনিয়নের ফকিরপাড়া এলাকার প্রবাসী শেখ ফরিদের ছেলে। তিনি ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং শুভ বারইয়ারহাট কলেজের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার রাতে শুভ ও ওমর নতুন একটি মোটরসাইকেল কিনতে বারইয়ারহাট যান। মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া এলাকায় দ্রুতগতির একটি মালবাহী লরির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই শুভর মৃত্যু হয়। গুরুতর আহত ওমরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। একসঙ্গে দুই বন্ধুর মৃত্যুর ঘটনায় উপজেলার মঘাদিয়া ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শুভর ভাই ইমাম হোসেন ফরহাদ জানান, শুভ ও ওমর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। পড়াশোনার পাশাপাশি তারা স্থানীয় আবুতোরাব বাজারের একটি ল্যাবে চাকরি করতেন। নতুন মোটরসাইকেল কিনে ফেরার পথেই দুর্ঘটনার শিকার হন তারা।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও লরিটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



















