ছয় মাস অতিবাহিত হলেও সরকার দেওয়া প্রতিশ্রুতিগুলোর কোনোটি বাস্তবায়ন করতে পারেনি বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, এখন সরকারের কার্যক্রম নিয়ে সমালোচনা ও জবাবদিহির সময় এসেছে।
শনিবার (২২ আগস্ট) রাজধানীর মিরপুরে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট নিরসন এবং দ্রব্যমূল্য কমানোর দাবিতে নাগরিক ঐক্য আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাহমুদুর রহমান মান্না।
তিনি বলেন, ছয় মাস পেরিয়ে গেছে। এখন সবাই সরকারের কার্যক্রম নিয়ে কথা বলবে এবং সমালোচনা করবে। তার ভাষায়, ‘ছয় মাসের হানিমুন পিরিয়ড কি ছয় বছর ধরে চলবে? ছয় মাসে একটি শিশু হামাগুড়ি দিতে শুরু করে। কিন্তু সরকার যদি নড়তেই না পারে, তাহলে পাঁচ বছর কীভাবে পার করবে?’
বিদ্যুৎ সংকটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সরকার সাত দিনের মধ্যে সংকট সমাধানের কথা বললেও দুই মাসেও তা সম্ভব হয়নি। একের পর এক সমস্যা সৃষ্টি হচ্ছে, কিন্তু কোনো সমস্যারই কার্যকর সমাধান দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।
গণঅভ্যুত্থানে মানুষের আত্মত্যাগের প্রসঙ্গ উল্লেখ করে নাগরিক ঐক্যের সভাপতি প্রশ্ন তোলেন, এত ত্যাগ ও প্রাণহানির পরও দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে কি না। তিনি দাবি করেন, দেশের টেলিভিশন চ্যানেলগুলোর ওপর বিএনপির প্রভাব রয়েছে এবং যেগুলো সরাসরি দখলে নেই, সেগুলোও শঙ্কার মধ্যে কাজ করছে। তার প্রশ্ন, ‘এটার নাম কি গণতন্ত্র?’
সরকারের উদ্দেশে মাহমুদুর রহমান মান্না বলেন, উন্নয়ন শুধু বড় বড় ভবন বা স্থাপনা নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; প্রকৃত উন্নয়ন হলো দরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য দূর করা। তিনি আরও বলেন, ৩১ দফা রূপরেখায় ২০৩১ সালের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থানের কথা বলা হলেও গত ছয় মাসে একজনেরও চাকরি হয়েছে কি না, সেই প্রশ্নের জবাব সরকারকে দিতে হবে। তাঁর ভাষায়, ‘তাহলে এসব চাপাবাজি কেন?’



















