কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে খেলতে বাংলাদেশ পেসার শরিফুল ইসলামকে অনাপত্তিপত্র (এনওসি) দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আন্তর্জাতিক সূচির ব্যস্ততা ও তার শারীরিক অবস্থা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার বিসিবির কর্মকর্তাদের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকবাজ। জানা গেছে, হাসান মাহমুদের পর কেন্টের হয়ে মাঠে নামার কথা ছিল শরিফুল ইসলামের। তবে সামনের আন্তর্জাতিক সিরিজ এবং তার ওপর অতিরিক্ত শারীরিক চাপের আশঙ্কায় তাকে ছাড়পত্র না দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার নাফিস বলেন, ‘শরিফুলের সামগ্রিক কাজের চাপ এবং সামনে থাকা আন্তর্জাতিক সূচির কথা বিবেচনা করে তাকে অনাপত্তিপত্র দেওয়া হয়নি। আগামী তিন মাসে আমাদের পাঁচটি টেস্ট, সাতটি টি-টোয়েন্টি এবং ছয়টি ওয়ানডে ম্যাচ রয়েছে।’
তিনি আরও বলেন, ‘শরিফুল তিন সংস্করণেই নিয়মিত খেলে। এ ছাড়া সে সম্প্রতি হ্যামস্ট্রিংয়ের চোট থেকে ফিরেছে। তাকে চারটি কাউন্টি ম্যাচ খেলার অনুমতি দিলে তার শরীরের ওপর অতিরিক্ত চাপ পড়তে পারে। এতে আন্তর্জাতিক ম্যাচগুলোর জন্য পুরোপুরি ফিট থাকা নিয়ে আমরা উদ্বিগ্ন।’
শাহরিয়ার নাফিসের ভাষ্য, দলীয় ব্যবস্থাপনা ও চিকিৎসা বিভাগের মতামত অনুযায়ী, এই মুহূর্তে শরিফুলের জন্য প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার চেয়ে অনুশীলনের মাধ্যমে নিজেকে প্রস্তুত রাখাই বেশি গুরুত্বপূর্ণ। এতে আসন্ন আন্তর্জাতিক সিরিজগুলোর জন্য তিনি পুরোপুরি ফিট থাকতে পারবেন।
অন্যদিকে, কেন্টের অনুরোধে আরেক পেসার খালেদ আহমেদকে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার জন্য অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। এ বিষয়ে শাহরিয়ার নাফিস বলেন, ‘খালেদ পুরোপুরি ফিট এবং সাম্প্রতিক সময়ে খুব বেশি ম্যাচ খেলেনি। তাই তাকে কেন্টের হয়ে খেলার অনুমতি দেওয়া হয়েছে।’



















