মফিজুর রহমান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ
মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা যুবদলের সদস্য সচিব মোল্লা শাহিনের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। তবে ককটেল বিস্ফোরণের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) বেলা ১২টার দিকে কয়েকশ মানুষ ঝাড়ু হাতে উপজেলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি হরিরামপুর থানার দিকে অগ্রসর হলে বিক্ষোভকারীদের অভিযোগ, মোল্লা শাহিনের সমর্থকেরা সেখানে ককটেল বিস্ফোরণ ঘটান।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এ সময় বিক্ষোভকারীরা ধাওয়া দিলে মোল্লা শাহিনের সমর্থকেরা ঘটনাস্থল ছেড়ে চলে যান। পরে বিক্ষোভকারীরা উপজেলা চত্বরে ফিরে মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তারা মোল্লা শাহিনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে মোল্লা শাহিনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসেন বলেন, দুটি মামলা রুজু হওয়ার প্রতিবাদে দুই পক্ষই শান্তিপূর্ণভাবে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে অবস্থান কর্মসূচি পালন করেছে। ককটেল বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি। তিনি জানান, থানা ঘেরাওয়ের আশঙ্কায় পুলিশের সদস্যরা কর্তৃপক্ষের নির্দেশনায় থানার সামনে অবস্থান নিয়েছিলেন এবং উভয় পক্ষ শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে চলে যায়।



















