চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে গড়ে ওঠা জিন মার্কেটসহ সড়কের পাশের বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ। সোমবার (২৪ আগস্ট) সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজের নেতৃত্বে পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।
অভিযানে জেলা পরিষদের জায়গায় গড়ে ওঠা বিভিন্ন অবৈধ দোকান ও স্থাপনা ভেঙে ফেলা হয়। এর মধ্যে বাবুরহাট বড় মসজিদসংলগ্ন দোকান, মতলব রোডের মাথায় বনফুল কনফেকশনারি, কুমিল্লা মিষ্টান্ন ভাণ্ডারসহ আরও বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
তবে ব্যবসায়ীদের অভিযোগ, জায়গাটি জেলা পরিষদের মালিকানাধীন হলেও সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন। লিজ নেওয়া দোকান মালিকদের দাবি, জেলা পরিষদের মার্কেট নির্মাণসংক্রান্ত একটি মামলা বর্তমানে হাইকোর্টে বিচারাধীন। এর মধ্যেই জিন মার্কেট ও মধ্য বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনায় তারা হতাশ হয়েছেন।
চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইউনুস আলী বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি জেলা পরিষদের জায়গায় অবস্থিত বাবুরহাট মধ্য বাজারের দোকানপাটও উচ্ছেদের নির্দেশ দেন।



















