কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন অভিযোগে দায়ের করা ১১টি মামলার আসামি লোকমান হোসেন খানকে (৪০) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ তাকে হেফাজতে নিয়ে আদালতে হাজির করলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শনিবার (২২ আগস্ট) রাতে উপজেলার চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা গ্রামের টানা ব্রিজ এলাকা থেকে স্থানীয়রা লোকমানকে আটক করেন। খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লোকমান হোসেন খান উপজেলার চান্দলা ইউনিয়নের চান্দলা গ্রামের রামচন্দ্রপুর এলাকার মৃত জামাল আহমেদ খানের ছেলে। তার বিরুদ্ধে ডাকাতির চেষ্টা, চুরি, চাঁদাবাজি, নারী অপহরণ, মাদক এবং সরকারি কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন অভিযোগে ব্রাহ্মণপাড়া, কুমিল্লা কোতোয়ালি মডেল ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানায় মোট ১১টি মামলা রয়েছে। ২০১০ সাল থেকে বিভিন্ন সময়ে এসব মামলা দায়ের করা হয় এবং কয়েকটি মামলা বর্তমানে বিচারাধীন।
স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, এলাকায় প্রভাবশালী হওয়ায় দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে অনেকে ভয় পেতেন। এছাড়া তার বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা এবং অবৈধভাবে ড্রেজার মেশিন পরিচালনাসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগও রয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, স্থানীয় বাসিন্দারা লোকমান হোসেনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে। মামলাগুলোর তথ্য যাচাই-বাছাই এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



















