রাষ্ট্রপতি পদে দায়িত্ব নেওয়ার প্রাক্কালে বিএনপির সঙ্গে দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তির ইঙ্গিত দিয়েছেন দলের সদ্য বিদায়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফেসবুকে দেওয়া তাঁর বিদায়ী বার্তা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে।
বুধবার (১৯ আগস্ট) দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখেছেন,
প্রিয় নেতৃবৃন্দ,
আজ আপনাদের থেকে সর্বশেষ বিদায় নেওয়ার সময় এসেছে। আজকে শেষবারের মতো “বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ” বলে বিদায় নিচ্ছি।
আপনাদের বিশ্বস্ত, মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির মহাসচিবের পদ ছাড়ার পর তাঁর এই পোস্টকে দলীয় রাজনীতির আনুষ্ঠানিক বিদায়ের বার্তা হিসেবে দেখা হচ্ছে।

মির্জা ফখরুলের পোস্টে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তাঁকে ‘সম্মানিত মহাসচিব’ উল্লেখ করে সারজিস লেখেন, বাংলাদেশের রাজনীতিতে তিনি সর্বজনশ্রদ্ধেয় ও সজ্জন একজন রাজনীতিবিদ। দলমত নির্বিশেষে মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে। ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ আন্দোলনে তাঁর সংগ্রাম ও ত্যাগ অনুপ্রেরণার উৎস উল্লেখ করে নতুন দায়িত্ব পালনে তাঁর সফলতা, ইনসাফ প্রতিষ্ঠা, বাংলাদেশের মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য শুভকামনা জানান তিনি।

এদিকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচিত হওয়ার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংখ্যাগরিষ্ঠ দলের প্রার্থী হওয়ায় ভোটের ফল তাঁর পক্ষে যেতে পারে বলে আলোচনা রয়েছে।
জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, নির্বাচন শেষে বিজয়ী প্রার্থীর নামের গেজেট প্রকাশ করা হবে। এরপর শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণের কথা রয়েছে।
উল্লেখ্য, গত ১৩ আগস্ট রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পাওয়ার পর দলের মহাসচিবের পদ থেকে সরে দাঁড়ান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে প্রেক্ষাপটেই তাঁর ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বলে বিদায় নিচ্ছি’ মন্তব্যকে দলীয় রাজনীতি থেকে রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্বে যাওয়ার প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে।



















