জেলা শহরের যানজট নিরসন ও জননিরাপত্তা নিশ্চিতে ঝুঁকিপূর্ণ আনন্দ বাজার ফুটব্রীজটি ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবি এলাকাবাসীর।
বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘জনউদ্যোগ’ এর আয়োজনে আজ শনিবার বেলা ১১টায় জেলা শহরের আনন্দ বাজার মোড়ে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন, জনউদ্যোগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান।
এ কর্মসূচিতে বক্তব্য দেন, জনউদ্যোগের ফেলো ও প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল, শিকড় উন্নয়ন কর্মসূচির সভাপতি আ ফ ম রফিকুল ইসলাম আপেল, সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ, সাংবাদিক সুজাদুল ইসলাম ফারাস, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সানাউল্লাহ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, নেত্রকোণা মূলত এক রাস্তার শহর। সাতপাই এলাকার সাথে আনন্দ বাজার ও হোসেনপুর আন্তঃজেলা বাসস্ট্যান্ডের সহজ যাতায়াতের জন্য ১৯৯৩ সালে মগড়া নদীর ওপর এই ফুটব্রীজটি নির্মাণ করা হয়েছিল। বর্তমানে জেলা শহরের পরিধি ও জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে যানবাহনের সংখ্যাও কয়েকগুণ বেড়েছে। ফলে শহরের একমাত্র প্রধান সড়কের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে এবং শহরটি তীব্র যানজটের শহরে পরিণত হয়েছে।
বক্তারা আরও উল্লেখ করেন, বর্তমানে আনন্দ বাজার ফুটব্রীজটি অত্যন্ত জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দ্রুত এখানে একটি প্রশস্ত ব্রীজ নির্মাণ করা হলে শহরের যানজট যেমন কমবে, তেমনি মানুষের মূল্যবান কর্মঘণ্টাও সাশ্রয় হবে।
সমাবেশ থেকে বক্তারা জনস্বার্থে অবিলম্বে এই জরাজীর্ণ ফুটব্রীজটি অপসারণ করে সেখানে একটি প্রশস্ত সড়ক ব্রীজ নির্মাণের জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগের প্রতি জোর দাবি জানান।
সূত্রঃ বাসস



















